নওগাঁ-৫ আসন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ-৫ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
গত ১০ ডিসেম্বর নওগাঁ-৫ আসন থেকে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে তিনি দলের সাম্প্রতিক কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, তার জানামতে এনসিপি ৩০০ আসনে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরবর্তীতে দল জামায়াতের সাথে ৩০টি আসনে সমঝোতা করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
ফেসবুক পোস্টে মনিরা শারমিন লিখেছেন, এনসিপি ছিল গণঅভ্যুত্থান পরবর্তী মধ্যপন্থি রাজনীতির ভরসাস্থল। তবে দলের বর্তমান অবস্থানে পরিবর্তনের কারণে তিনি নিজেকে প্রত্যাহার করছেন। তার ভাষ্যমতে, দলের চেয়ে গণঅভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
নির্বাচনী প্রচারণার জন্য সংগৃহীত অর্থের বিষয়ে তিনি বিশেষ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, কিছুদিন আগে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তিনি অনুদান নিয়েছিলেন। যেহেতু দাতারা দলের স্বতন্ত্র অবস্থান দেখে অনুদান দিয়েছিলেন, তাই যারা অর্থ ফেরত চান, তাদের সবার টাকা দ্রুততম সময়ের মধ্যে বিকাশের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
রাজনীতি ও দলের পদের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, তিনি দল থেকে পদত্যাগ করার কোনো সিদ্ধান্ত এখনো নেননি। তবে নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে এবং সিট ভাগাভাগি করে ক্ষমতার রাজনীতিতে জড়াতে তিনি আগ্রহী নন। পদত্যাগ না করলেও নিজের অবস্থানে অনড় থেকে মানুষের অধিকারের কথা বলে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।