সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর পর সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া এবং চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৯৫ জন। এর মধ্যে চকরিয়া উপজেলায় ভোটারের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৪৯৬ জন এবং পেকুয়া উপজেলায় ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন ভোটার রয়েছে। দীর্ঘ সময় পর প্রবীণ এই রাজনীতিবিদের নির্বাচনী লড়াইয়ে ফেরার বিষয়টি চকরিয়া-পেকুয়া এলাকায় বেশ গুরুত্ব পাচ্ছে।