↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর ২০২৫, ৩:৫২ এ.এম

পূর্বাচলে ক্ষতিগ্রস্ত স্থানে অ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হওয়া গাছের স্থানে নতুন করে বৃক্ষরোপণ করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কৃষিবিদদের এই সংগঠনটি তাদের কর্মসূচি শুরু করে।

সংগঠন সূত্রে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে ৩০০ ফিট সড়কের ডিভাইডার ও আশেপাশের ক্ষতিগ্রস্ত গাছের পরিচর্যা করার পাশাপাশি নতুন করে বকুল ও ছাতিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সড়কের সৌন্দর্য ফিরিয়ে আনাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার এবং সদস্য সচিব মো. শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। এতে আরও অংশ নেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক প্রফেসর মো. আবুল বাশার, মো. শাহাদাত হোসেন চঞ্চলসহ অন্যান্য কৃষিবিদ নেতারা। তারা সরাসরি গাছ রোপণ ও পরিচর্যা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরা তারেক রহমানকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। ওই জনসমাগমের ফলে সড়কের কিছু অংশের গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা পুনরায় সবুজায়নের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নিল অ্যাব।