↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ ২০২৬, ৮:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২৫, ২:৩০ এ.এম

খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি, রাখা হয়েছে লাইফ সাপোর্টে

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। সোমবার রাতে তার মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তাকে নিয়মিত ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে। তবে ডায়ালাইসিস বন্ধ করলেই তার অবস্থার দ্রুত অবনতি ঘটছে। বার্ধক্যজনিত কারণ এবং একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে থাকায় সব ধরনের চিকিৎসা একই সময়ে প্রদান করা চিকিৎসকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বোর্ডের আরেক সদস্য ডা. জাফর ইকবাল তাকে ‘গুরুতর অসুস্থ’ হিসেবে বর্ণনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, বেশ কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে এবং সেগুলোর ফলাফল আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক চিকিৎসক জানিয়েছেন, দীর্ঘদিনের কিছু অসুস্থতা সঠিক সময়ে চিকিৎসা না হওয়ায় এবং বর্তমানে বয়সজনিত কারণে সেগুলো থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে সিসিইউতে চিকিৎসাধীন ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার, কিডনি, ফুসফুস, হৃদরোগ, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। সম্প্রতি বাসায় থাকা অবস্থায় শ্বাসকষ্ট, জ্বর ও কাশি বেড়ে যাওয়ায় গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে ফুসফুস ও কিডনির অবস্থার দ্রুত অবনতি হওয়ায় ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

লন্ডন থেকে ফেরার পর গত বৃহস্পতিবার থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত হাসপাতালে গিয়ে তার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে ৩০ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছে। বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বর্তমানে তার অবস্থা অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র: ঢাকা ট্রিবিউন