বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক, দেশবাসীকে দোয়ার আহ্বান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবদান এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
জাতির এই কঠিন সময়ে রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারবর্গ ও তার অগণিত রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীকে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর এবং তার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সবশেষ গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।