সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার, ইমামতি করবেন মুফতি আবদুল মালেক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও জানান যে, বিএনপি চেয়ারপারসনের জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।