মায়ের জানাজায় আবেগঘন কণ্ঠে ক্ষমা চাইলেন তারেক রহমান

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজা শুরুর আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল থেকেই তাকে অত্যন্ত বেদনাতুর অবস্থায় দেখা গেলেও আজ জানাজার আগে তার অভিব্যক্তি ছিল আরও ভারি ও আবেগঘন।
নিজের বক্তব্যে তারেক রহমান রাজনৈতিক কোনো বিষয়ের অবতারণা করেননি। সাধারণ সন্তান হিসেবে নিজের বাবা-মায়ের জানাজায় যেভাবে কথা বলেন, তিনিও সেভাবেই সবার কাছে দোয়া চান। তিনি বলেন, ‘আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। আজকে এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।’
মায়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে তারেক রহমান আরও বলেন, ‘একই সাথে, তিনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত দান করেন।’
বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের এই জানাজায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউকে কেন্দ্র করে শাহবাগ থেকে মোহাম্মদপুর পর্যন্ত মানুষের বিশাল জনস্রোত লক্ষ্য করা গেছে। জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।