↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ১ জানুয়ারি ২০২৬, ১:৪৯ পি.এম

পুরো বাংলাদেশই এখন আমার পরিবার: তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিকটজন হারানোর গভীর শূন্যতা পেরিয়ে আজ পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, গভীর শোক ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে তিনি তার মা, জীবনের প্রথম শিক্ষক ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা অসম্ভব হলেও দেশের মানুষের ভালোবাসা ও উপস্থিতি তাকে এই কঠিন সময়ে সাহস জুগিয়েছে।

লাখ লাখ মানুষের উপস্থিতিতে আবেগাপ্লুত তারেক রহমান লিখেছেন, অগণিত মানুষের শ্রদ্ধা ও সম্মান তাকে আবারও মনে করিয়ে দিয়েছে যে, খালেদা জিয়া কেবল তার মা ছিলেন না; তিনি ছিলেন সমগ্র জাতির মা। এই শোকের মুহূর্তে তিনি তার বাবা জিয়াউর রহমান ও ছোট ভাই আরাফাত রহমান কোকোকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন।

কূটনীতিকদের উদ্দেশে তিনি জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি এবং বৈশ্বিক কূটনীতিকরা সশরীরে উপস্থিত থেকে যে শ্রদ্ধা জানিয়েছেন, তাতে তিনি গভীরভাবে কৃতজ্ঞ। পাশাপাশি যেসব দেশ সমবেদনা জানিয়েছে তাদের প্রতিও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

মায়ের আদর্শ ও উত্তরাধিকার ধারণ করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি দেশ ও মানুষের কল্যাণে সেই যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। খালেদা জিয়ার ত্যাগ ও উদারতা থেকেই আগামী দিনে ঐক্য ও দেশপ্রেমের শক্তি খুঁজে নেওয়ার আহ্বান জানান তিনি।