প্রবাসী কর্মীদের জন্য কঠোর নীতিমালার ঘোষণা দিয়েছে ওমান সরকার

প্রবাসী কর্মীদের জন্য নতুন এক কঠোর নীতিমালার ঘোষণা দিয়েছে ওমান সরকার। এখন থেকে দেশটিতে কাজ করতে আগ্রহী প্রবাসীদের জন্য একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, ওমানের শ্রমবাজার নিয়ন্ত্রণ, কর্মীদের মান উন্নয়ন এবং ভুয়া সনদ প্রতিরোধ করার লক্ষ্যেই এই ‘পেশাগত স্বীকৃতি ব্যবস্থা’ চালু করা হয়েছে।
ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আব্দুল্লাহ আল শেখ জানিয়েছেন, বিশেষ করে প্রকৌশল, লজিস্টিকস ও হিসাবরক্ষণসহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে চাওয়া প্রবাসীদের ওমানে প্রবেশের আগেই তাদের শিক্ষাগত ও পেশাগত সনদ যাচাই এবং অনুমোদন নিতে হবে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট খাতের স্বীকৃত স্কিলস ইউনিটের মাধ্যমে সনদ মূল্যায়ন করা হবে। সফলভাবে যাচাই সম্পন্ন হওয়ার পর কর্মীকে একটি ‘ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স’ দেওয়া হবে। এই লাইসেন্স ছাড়া কোনো প্রবাসী কর্মীর জন্য ওমানে প্রবেশের অনুমতিপত্র (এন্ট্রি পারমিট) ইস্যু করা হবে না।
দেশটির শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওমানে পেশাগত শ্রেণিকরণ সনদ এবং ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স জাল করার বেশ কিছু ঘটনা নজরে এসেছে, যা দেশটির আইনের সরাসরি লঙ্ঘন। এই জালিয়াতি রুখতে ওমান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠান উভয় পক্ষকেই কেবল অনুমোদিত সংস্থা থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে এবং এর সত্যতা নিশ্চিত করতে হবে।
নতুন এই আইনের আওতায় নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কোনো কর্মী বা প্রতিষ্ঠান যদি জালিয়াতির আশ্রয় নেয়, তবে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার (ডিপোর্টেশন) এমনকি আদালতে মামলা দায়ের পর্যন্ত করা হতে পারে। এছাড়া জালিয়াতিতে কোনো নিয়োগকারীর সহায়তা বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মূলত শ্রমবাজারের স্বচ্ছতা এবং দক্ষ জনশক্তি নিশ্চিত করতেই ওমান সরকার এই বড় সিদ্ধান্ত নিয়েছে, যা দেশটিতে কাজ করতে ইচ্ছুক প্রবাসীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।