খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে জয়শঙ্করের সফর, এর বেশি অর্থ খোঁজা ঠিক হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষশ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে বিশেষ কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই মন্তব্য করেন।
তৌহিদ হোসেন জানান, এস জয়শঙ্কর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে খালেদা জিয়ার শেষকৃত্যানুষ্ঠানের পুরোটা সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, “তাঁর এই সফরে এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো।” এই সফরকে ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনীতির মানদণ্ড দিয়ে বিচার করা উচিত হবে না বলেও তিনি উল্লেখ করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের তাৎপর্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা কেবল বাংলাদেশে নয়, বরং প্রতিবেশী দেশগুলোতেও বিশেষভাবে স্বীকৃত। তিনি যে রাজনৈতিক অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এবং দেশের মানুষের মাঝে দল-মতনির্বিশেষে তাঁর প্রতি যে শ্রদ্ধা রয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো তার স্বীকৃতি দেয়। এই সম্মানের জায়গা থেকেই প্রতিবেশী দেশের প্রতিনিধিদের শেষকৃত্যে অংশগ্রহণ করা অত্যন্ত স্বাভাবিক ঘটনা।
সফরকালে ঢাকা ও দিল্লির মধ্যে কোনো বিশেষ বার্তা আদান-প্রদান হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, সেখানে কোনো একান্ত বৈঠক (ওয়ান-টু-ওয়ান) বা রাজনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টি হয়নি। অনুষ্ঠানে পাকিস্তানের স্পিকারসহ অন্যান্য বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন এবং সবার মধ্যে সৌজন্য বিনিময় হয়েছে। জয়শঙ্করের সঙ্গে তাঁর যতটুকু কথা হয়েছে, তাতে রাজনীতির কোনো ছোঁয়া ছিল না বলে তিনি নিশ্চিত করেন।
দুই দেশের বিদ্যমান সম্পর্কের টানাপোড়েন এই সফরের মাধ্যমে প্রশমিত হবে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, “এটার উত্তর আপনাদের আগামীতে খুঁজতে হবে। আগামী দিনগুলোতে আপনারা দেখবেন যে কী হয়।” আপাতত এই সফরকে একটি সৌজন্যমূলক ও শ্রদ্ধামূলক সফর হিসেবেই দেখছে বাংলাদেশ সরকার।