↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি ২০২৬, ৪:২৯ এ.এম

অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে কাজ করবে জামায়াত: শফিকুর রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জামায়াতের আমির বলেন, “তারেক রহমান সাহেবসহ বিএনপির নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি।” সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সহমর্মিতা জানাতে এদিন তিনি গুলশান কার্যালয়ে যান এবং সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন।

সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আগামীতে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ বাঁকে দাঁড়িয়ে আছে। নির্বাচন যেন নির্বিঘ্ন, সুন্দর ও গ্রহণযোগ্য হয়, সেই কামনা করে তিনি জানান যে সাক্ষাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিগত সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে শফিকুর রহমান বলেন, তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তাঁকে বিদেশে নেওয়ার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও তৎকালীন সরকার তা আমলে নেয়নি; বরং এ নিয়ে উপহাস করা হয়েছে।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত যখন চিকিৎসার জন্য তিনি বিদেশে যাওয়ার সুযোগ পেলেন, ততক্ষণে তাঁর স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছিল। ব্রিটেন থেকে ফিরে আসার পর তাঁর শরীর এতটাই ভেঙে পড়েছিল যে শেষ পর্যন্ত তাঁকে দেশেই চিকিৎসা নিতে হয়েছে।

সাক্ষাতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদসহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুই দলের শীর্ষ নেতাদের এই সাক্ষাৎ আগামী দিনের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।