↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ২ জানুয়ারি ২০২৬, ৪:১২ পি.এম

শহীদ জিয়ার কবরের পাশে শায়িত খালেদা জিয়ার জিয়ারতে মানুষের ঢল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে মানুষের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকেই বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, জিয়া উদ্যান সংলগ্ন সংসদ ভবনের সামনের রাস্তা থেকে বেইলি ব্রিজ হয়ে কবর পর্যন্ত নারী-পুরুষের দীর্ঘ সারি তৈরি হয়েছে। অনেকেই ফুল নিয়ে এসেছেন শ্রদ্ধা জানাতে। ভিড় সামাল দিতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ ও বিজিবির সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এর আগে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেন। বর্তমানে কবর প্রাঙ্গণে শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কেউ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, আবার কেউ কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নিচ্ছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ শুক্রবার দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। জুমার নামাজের পর সকল মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর (বুধবার) সাবেক এই প্রধানমন্ত্রীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। বর্তমানে তাকে শেষ বিদায় জানাতে আসা মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।