↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি ২০২৬, ১২:২০ এ.এম

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের অফিসের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন শঙ্করপুর এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সন্ধ্যায় আলমগীর শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে অবস্থান করছিলেন। ওই সময় হঠাৎ অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত এসে আলমগীরের মাথার বাম পাশে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আলমগীরকে যখন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়, তখন তার মাথার বাম পাশে গুলির গুরুতর চিহ্ন ছিল। হাসপাতালে আনার পর তাকে মৃত বলে নিশ্চিত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর মুমিনুল হক জানিয়েছেন, শঙ্করপুর ইসহাক সড়কে এক বিএনপি নেতাকে গুলি করার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মাথায় গুলি লেগেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আটকে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।