↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি ২০২৬, ১:২৭ এ.এম

গুগল আনছে ‘ভাইব কোডিং’ ও ‘মিক্সবোর্ড’ সহ নতুন এআই টুল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার আরও বিস্তৃত করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রতিষ্ঠানটি তিনটি নতুন এআই টুল—ভাইব কোডিং, মিক্সবোর্ড এবং ডিসকো পরীক্ষামূলকভাবে চালু করেছে। বর্তমানে এগুলো নির্দিষ্ট পরিসরে পরীক্ষা করা হলেও, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ বছরের মধ্যেই সাধারণ ব্যবহারকারীদের জন্য টুলগুলো পুরোপুরি উন্মুক্ত করা হতে পারে।

গুগল এআই স্টুডিওতে যুক্ত হওয়া ‘ভাইব কোডিং’ টুলটি সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। এই সুবিধার মাধ্যমে কোনো প্রযুক্তিগত বা কোডিং জ্ঞান ছাড়াই শুধু সাধারণ ভাষায় নির্দেশ দিয়ে অ্যাপ তৈরি করা সম্ভব হবে। ব্যবহারকারী কী ধরনের অ্যাপ চান, তা জানালে এআই স্বয়ংক্রিয়ভাবে সেটির ডিজাইন, ফিচার ও কোড তৈরি করে দেবে। এমনকি প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে কোড পরিবর্তনের সুযোগও থাকবে এতে।

গুগলের জনপ্রিয় ইমেজ জেনারেটর ‘ন্যানো বানানা’র ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে নতুন আইডিয়া প্ল্যাটফর্ম ‘মিক্সবোর্ড’। এটি মূলত গবেষণা বা পরিকল্পনার কাজে সহায়তার জন্য তৈরি করা হয়েছে। এই টুলে পিডিএফ, ছবি বা ভিডিও আপলোড করে ছোট নির্দেশনার মাধ্যমে সহজেই ভিজ্যুয়াল প্রেজেন্টেশন কিংবা গোছানো রিপোর্ট তৈরি করা যাবে। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রে বেটা সংস্করণে চালু রয়েছে।

অন্যদিকে, ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও কার্যকর করতে আনা হয়েছে ‘ডিসকো’। জেমিনি থ্রি এআই দ্বারা পরিচালিত এই টুলটি ব্রাউজারে একসঙ্গে অনেক ট্যাব খুলে কাজ করার জটিলতা কমাবে। এটি খোলা ট্যাবগুলোকে গুছিয়ে রাখার পাশাপাশি সেগুলোকে ‘জেনট্যাবস’ নামে আলাদা ওয়েব অ্যাপেও রূপান্তর করতে সক্ষম। বিশেষ করে শিক্ষার্থী ও পেশাজীবীদের ব্রাউজিং সহজ করতে এই টুলটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে গুগল।

পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই টুলগুলো এআই প্রযুক্তির ব্যবহারকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও কর্মমুখী করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।