↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি ২০২৬, ৩:২৩ এ.এম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসিক এলাকা থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে আবাসিক ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুশ নাগরিকের নাম রাইবাকভ মাকসিম (৩০)। তিনি রূপপুর প্রকল্পে কর্মরত ‘এটমটেক এনার্গো’ নামক একটি রুশ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (যিনি নিজেও একজন রুশ নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে আসেন। রুমে ঢুকে তিনি মাকসিমকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি প্রকল্প কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে সংশ্লিষ্ট কোম্পানির সিকিউরিটি টিম, দায়িত্বরত রুশ চিকিৎসক এবং ঈশ্বরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীকালে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশের পক্ষ থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই রুশ নাগরিক স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করে থাকতে পারেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান এ বিষয়ে জানান, রুশ নাগরিকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। ওই কোম্পানি এখন দূতাবাসের মাধ্যমে মরদেহটি রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে।