দেশের ডিজিটাল নিরাপত্তা সুদৃঢ় করতে প্রধান উপদেষ্টার সঙ্গে ‘সাইফার কোর’-এর বৈঠক

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ও ভবিষ্যৎ তথ্য অবকাঠামো আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানভিত্তিক তথ্য-নিরাপত্তা প্রতিষ্ঠান ‘সাইফার কোর লিমিটেড’-এর একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের জাতীয় তথ্য-নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়ে আলোচনা করা হয়।
এ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জাপানের পুরস্কারপ্রাপ্ত তথ্য-নিরাপত্তা বিজ্ঞানী ও এমআইটি ভিত্তিক গবেষক প্রফেসর তাকাতোশি নাকামুরা, যিনি সাইফার টেকনোলজির উদ্ভাবক হিসেবে স্বীকৃত। আলোচনায় সরকারি ডিজিটাল সিস্টেমগুলোর সুরক্ষা নিশ্চিতকরণ এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে কোয়ান্টাম-প্রতিরোধী প্রযুক্তির প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
ডিজিটাল অবকাঠামোর পাশাপাশি বৈঠকে অন্যান্য সম্ভাবনাময় খাত নিয়েও মতবিনিময় হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কমিউনিটি পর্যায়ে ডিজিটাল ক্যাশ ব্যবস্থার সম্ভাবনা, তথ্যপ্রযুক্তি খাতে মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে দক্ষ জনশক্তি বিনিময়। এ ছাড়া বাংলাদেশের চামড়া শিল্পে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ আলোচনা করেন। একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে বৈঠকে উভয় পক্ষই বিশেষ আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী, জাপানের সাবেক অর্থ প্রতিমন্ত্রী মোতোইউকি ওদাচি, সাইফার কোরের চেয়ারম্যান আপেল মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহী ইসলাম।
উল্লেখ্য, সাইফার কোরের এই প্রতিনিধিদলটি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও সাক্ষাৎ করেছে। সেখানে তারা ডিজিটাল ফাইন্যান্সিং এবং আর্থিক খাতের তথ্য-নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ধারাবাহিক আলোচনা সম্পন্ন করেছেন।