↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি ২০২৬, ৩:২৯ পি.এম

মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে ডিসি অফিসে হেনস্তার অভিযোগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে রোববার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেন। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আতাউর রহমান তাৎক্ষণিক আপত্তি জানান এবং অন্য এক প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা ও অনিয়ম সংক্রান্ত বিভিন্ন প্রমাণপত্র উপস্থাপনের চেষ্টা করেন। অভিযোগ উঠেছে, এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে কথা বলতে না দিয়ে থামিয়ে দেন।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সময় আতাউর রহমানকে বেশ কয়েকজন নেতাকর্মী ধাক্কা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রার্থী আতাউর রহমান আতা জানান, তিনি তিতাস গ্যাসের বিল জালিয়াতি সংক্রান্ত বিষয়ে কথা বলতে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে বাধা দেন। এরপর সোহেল রানা, নাসির উদ্দিন যাদু, উজ্জ্বল ও লিটন নামের ব্যক্তিরা তাকে ধাক্কাধাক্কি ও গালাগালি করে হেনস্তা করেন বলে তিনি দাবি করেন।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, আতাউর রহমান আতা হেনস্তার বিষয়টি উল্লেখ করে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি আরও নিশ্চিত করেন যে, এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।