সুন্দরবনে পর্যটকবাহী জাহাজ ও বাল্কহেডের সংঘর্ষ, ৪৪ পর্যটককে রক্ষা করল কোস্টগার্ড

সুন্দরবনের করমজল এলাকায় পশুর নদীতে দুর্ঘটনাকবলিত একটি পর্যটকবাহী জাহাজ থেকে ৪৪ জন দেশি-বিদেশি পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (৪ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ‘পাইরেটস সুন্দরবন’ নামের একটি পর্যটনবাহী জাহাজ গত বৃহস্পতিবার ৪৪ জন পর্যটক নিয়ে খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের করমজল সংলগ্ন পশুর নদীতে একটি বাল্কহেডের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে জাহাজটির একটি অংশে বড় ধরনের ছিদ্র তৈরি হয় এবং দ্রুত পানি ভেতরে ঢুকতে থাকে। জাহাজে থাকা এক পর্যটক তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
খবর পাওয়ার পর কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম দফায় ২ জন চীনা নাগরিকসহ নারী ও শিশু মিলিয়ে মোট ২৪ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ৪৪ জন পর্যটকই বর্তমানে মোংলায় নিরাপদ আশ্রয়ে রয়েছেন। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে।
এ ঘটনায় জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বাল্কহেডটির বিষয়ে আরও তদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।