↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি ২০২৬, ৪:৫০ এ.এম

খালেদা জিয়াকে ‘দূরদর্শী নেত্রী’ ও ‘পাকিস্তানের বন্ধু’ হিসেবে অভিহিত করলেন শাহবাজ শরিফ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সশরীরে উপস্থিত হয়ে তিনি এই শোক জ্ঞাপন করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে জানা গেছে, শাহবাজ শরিফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

বিবৃতিতে শাহবাজ শরিফ খালেদা জিয়াকে একজন ‘দূরদর্শী নেত্রী’, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ‘পাকিস্তানের আন্তরিক বন্ধু’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, খালেদা জিয়া জনসেবায় নিবেদিত জীবন যাপন করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে তিনি একটি স্থায়ী ও অনুপ্রেরণাদায়ক উত্তরাধিকার রেখে গেছেন বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি শোকসন্তপ্ত পরিবার, খালেদা জিয়ার অনুসারী এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এদিকে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে হাইকমিশনে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী ও কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী উপস্থিত ছিলেন।

শোকবইয়ে স্বাক্ষর শেষে শাহবাজ শরিফ দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাতের কথা উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।