↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পি.এম

আওয়ামী লীগ ভারতীয় দল, তারা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি: সালাহউদ্দিন আহমদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আওয়ামী লীগকে একটি ‘ভারতীয় দল’ হিসেবে অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই দলটির নেতারা ভারতীয় সেবাদাস হিসেবে কাজ করেছেন এবং তারা কখনো বাংলাদেশকে একটি স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্থানীয় বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা বর্তমানে তার প্রকৃত স্থান দিল্লিতে আশ্রয় নিয়েছেন। তিনি অভিযোগ করেন, শেখ মুজিব এবং তার কন্যা ফ্যাসিস্ট হাসিনা উভয়ই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছেন এবং জনগণের মৌলিক অধিকার হরণ করে একদলীয় ও স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে দেশের মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। তিনি দলটিকে ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে বলেন, এই সরকার ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে এবং আলেম সমাজের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। এমনকি আলেমদের হত্যা করার মতো জঘন্য কাজও তারা করেছে বলে তিনি উল্লেখ করেন।

বিগত সরকার আমলের দমন-পীড়নের কথা স্মরণ করে বিএনপি নেতা আরও বলেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল এবং নিরীহ মাদ্রাসাছাত্রদের হত্যা করেছিল। এভাবেই দলটি এ দেশের গণমানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং এর ফলে তারা দেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে।

পহরচাঁদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।