ত্রয়োদশ সংসদ নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন: নজরুল ইসলাম খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান জানান, বাংলাদেশের রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আসন্ন নির্বাচনে তাদের এই পর্যবেক্ষণ দল পাঠানোর সিদ্ধান্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইইউর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দাবি করে তিনি বলেন, মূলত নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে এসেছিলেন।
বৈঠকে নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিএনপির পরিকল্পনা এবং নির্বাচনে দলের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে প্রতিনিধি দল জানতে চেয়েছেন। জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইইউ প্রতিনিধিদের জানিয়েছেন যে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দাবিটি বিএনপির পক্ষ থেকেই জোরালোভাবে ছিল। দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপির যে গভীর আগ্রহ রয়েছে, তা তিনি প্রতিনিধি দলের কাছে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন।
তারেক রহমান আরও উল্লেখ করেন যে, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত এবং তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে তিনি আশা প্রকাশ করেন। নজরুল ইসলাম খান এই প্রসঙ্গে জানান, বিএনপি নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং এর জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিপূর্বেই সম্পন্ন করা হয়েছে।
আলোচনা শেষে বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অবদানের জন্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। একইসঙ্গে ভবিষ্যতে এই সহযোগিতার পরিধি আরও বৃদ্ধির আহ্বান জানানো হলে ইইউ প্রতিনিধিরা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।