সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত তিন সাবেক সেনা কর্মকর্তা যুক্ত হলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপত্তা ব্যাবস্থায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাপ্তরিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিন সাবেক সামরিক কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নিয়োগের বিষয়টি জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহকে নিরাপত্তা টিমের পরিচালক (নিরাপত্তা) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া মেজর (অব.) মইনুল হোসেনকে পরিচালক (প্রটোকল) এবং ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে পরিচালক (সমন্বয়) হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এই তথ্য জানানো হয়।
সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর প্রধান সমন্বয়ক স্কোয়াড্রন লিডার ওয়াহিদুন নবীর ফেইসবুকে শেয়ার করা সোশ্যাল মিডিয়া পোস্ট সূত্রে জানা যায় জনাব ওয়াহিদুন নবী সহ নবনিযুক্ত এই তিন কর্মকর্তাই সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা প্রটোকলে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী জনাব ওয়াহিদুন নবী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেতনায় উদ্বুদ্ধ অনলাইন ভিত্তিক সংগঠন জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তারেক রহমানের নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও পেশাদার করতে অভিজ্ঞ এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে দলীয় মহলে আলোচনা রয়েছে। এখন থেকে তারা তাদের নিজ নিজ বিভাগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রয়োজনীয় কার্যাদি তদারকি করবেন।
বিএনপির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।