↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি ২০২৬, ১:১৫ এ.এম

বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত সঠিক: শহীদ আফ্রিদি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ভারতের বর্তমান রাজনৈতিক ও ক্রিকেটীয় প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে বিসিবির এই অবস্থান যথেষ্ট যুক্তিযুক্ত।

ঘটনার সূত্রপাত হয় গত ডিসেম্বরের আইপিএল নিলামকে কেন্দ্র করে। ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিলেও ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে তাকে বাদ দেয় বিসিসিআই। এই ঘটনার প্রভাবে ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরে। এর প্রেক্ষিতেই আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে জানায় বিসিবি।

বিসিবির এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করে শহীদ আফ্রিদি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বিসিবির সিদ্ধান্ত একেবারেই সঠিক এবং এর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে।’ তিনি আরও মনে করেন যে, টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার ভারসাম্য রক্ষার স্বার্থে অংশগ্রহণকারী সব দলের স্বাচ্ছন্দ্য ও ন্যায্যতা নিশ্চিত করা প্রয়োজন। এই লক্ষ্যে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বিকল্প কোনো ভেন্যুতে আয়োজন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে তিনি আইসিসিকে পরামর্শ দেন।

আফ্রিদি আরও উল্লেখ করেন যে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিশ্ব ক্রিকেটের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও পারস্পরিক সমঝোতা ও সমর্থনের অভাবে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। এই অনিশ্চয়তা দূর করতে আইসিসিকে দ্রুত, পরিষ্কার এবং একটি দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন এই সাবেক অলরাউন্ডার।