আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতিসংঘ। সোমবার আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক।
নির্বাচন পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, সাধারণ পরিষদ কিংবা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো বিশেষ ম্যান্ডেট বা নির্দেশনা না থাকলে জাতিসংঘ সরাসরি নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। এটি বর্তমানে জাতিসংঘের কাজের আওতাভুক্ত নয় বলে তিনি উল্লেখ করেন। তবে নির্বাচন কেন্দ্রিক কোনো কারিগরি সহায়তা বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের কার্যালয় থেকে প্রদান করা হচ্ছে কিনা, সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে বলে তিনি জানান। দুজারিক উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের কারিগরি সহায়তা দেওয়ার চর্চা জাতিসংঘের রয়েছে।
ব্রিফিংয়ে ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটিও উঠে আসে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার এই প্রত্যাবর্তনকে জাতিসংঘ কীভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে স্তেফান দুজারিক সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “আমি খবরের মূল্যায়ন করি না, সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করেন।” তবে তিনি এটি পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের মানুষ যেন তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও মতামত অবাধে প্রকাশ করতে পারে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতিসংঘ সর্বদা সমর্থন করবে।
এছাড়া, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে স্তেফান দুজারিক গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “তার মৃত্যুতে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”