↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি ২০২৬, ১:৪১ এ.এম

হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাকে কুয়ালালামপুরের ইনস্টিটিউট জান্তুং নেগারা (আইজেএন)-এ নেওয়া হয়।

ড. মাহাথিরের প্রেস সচিব সুফি ইউসুফ এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, ১০০ বছর বয়সি এই প্রবীণ নেতাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আজ ভোরে মাহাথির মোহাম্মদ নিজ বাড়িতে পড়ে গিয়ে আঘাত পান। বাড়ির বারান্দার এক অংশ থেকে বসার ঘরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ ধরনের পরিস্থিতিতে সাধারণত নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হয় বলেই তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইজেএন-এর বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্তমানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন। পরীক্ষা শেষে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে প্রেস সচিবের বার্তায় উল্লেখ করা হয়।

উল্লেখ্য, আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত ড. মাহাথির মোহাম্মদ দেশটির চতুর্থ ও সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। গত বছরের ১৩ জুলাই অতিরিক্ত ক্লান্তিবোধ করায় তাকে এই একই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। বর্তমানে তার দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে উদ্বেগ ও শুভকামনা লক্ষ্য করা যাচ্ছে।