↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি ২০২৬, ১:৫০ এ.এম

বেগম খালেদা জিয়া থাকবেন সবার হৃদয়ে: নবী উল্লাহ নবী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনগণের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৯ নম্বর ওয়ার্ডের মালা মার্কেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবী উল্লাহ নবী তাঁর বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া আধুনিক বাংলাদেশ বিনির্মাণে যে অনবদ্য অবদান রেখেছেন, তা জাতি কখনোই ভুলবে না। তিনি খালেদা জিয়াকে একমাত্র আপসহীন গণমানুষের নেত্রী হিসেবে উল্লেখ করে বলেন, “বাংলাদেশের অবকাঠামোগত সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা তাঁর হাত ধরেই শুরু হয়েছে। বিশেষ করে মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে তিনি নারী উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।”

খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তার কথা স্মরণ করে নবী উল্লাহ নবী আরও বলেন, চরম সংকটময় পরিস্থিতিতেও তিনি নিজের জীবন বাজি রেখেছেন, কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি। কারানির্যাতন ভোগ করা এবং দীর্ঘ কারাবন্দি জীবনে অসুস্থ হয়ে পড়ার পরেও তিনি কোনো শক্তির কাছে আপস করেননি। দেশের মানুষের প্রতি তাঁর এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের কারণেই তিনি প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

ডেমরা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম। কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাশেম মোল্লা, ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান এবং বিএনপি নেতা আবদুস সালাম মোল্লা। এছাড়া ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশ নেন।