↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি ২০২৬, ১:১৫ এ.এম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছে আদালত। একইসঙ্গে মামলায় পলাতক থাকা ৩২ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বর্তমানে আব্দুল আজিজ, উৎপল পাল, জাহাঙ্গীর আলম ও মো. সুমন নামের চার আসামি কারাগারে রয়েছেন। বাকি ৩২ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ‘ভিশন ট্রেডিং’ নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ অনুমোদন করিয়ে ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং হুন্ডির মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। এই ভিশন ট্রেডিং মূলত সাবেক ভূমিমন্ত্রীর একজন কর্মচারীকে মালিক সাজিয়ে তৈরি করা একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান। পরবর্তীতে ইউসিবি ব্যাংকের পোর্ট শাখা থেকে কোনো যাচাই-বাছাই ছাড়াই এই ঋণ প্রদান করা হয় এবং সেই অর্থ আলফা ট্রেডিং, ক্লাসিক ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মতো বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আরিফ কাদরী এবং সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুলসহ একাধিক পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তা। উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান খান বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। তবে তদন্ত শেষে আসামির সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়ায়। এর মধ্যে দুইজন মারা যাওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আদালত পরবর্তী আইনি পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে।