↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি ২০২৬, ৫:৩৬ এ.এম

তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখেই জুলাই আন্দোলন করেছি: রাশেদ খান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সম্প্রতি বিএনপিতে যোগদানকারী নেতা রাশেদ খান দাবি করেছেন, বিগত গণঅভ্যুত্থান সুনির্দিষ্টভাবে সমন্বয় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ জানুয়ারি) গুলশানে তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, বিগত আন্দোলনের সময় তারেক রহমানের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল এবং দীর্ঘদিনের রাজপথের লড়াই-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। এই অবদানের কারণেই তাকে ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচনী এলাকায় দলীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে রাশেদ খান বলেন, এই আসনে বিএনপি থেকে যারা প্রার্থী হতে চেয়েছিলেন, তারা প্রত্যেকেই দলের প্রতি অনুগত। তিনি বিশ্বাস করেন, ওই নেতারা ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে তারেক রহমানের নির্দেশ মেনে তাকে পূর্ণ সহযোগিতা করবেন।

একইসঙ্গে ওই আসনে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রতিও বিশেষ আহ্বান জানিয়েছেন রাশেদ। তিনি আশা প্রকাশ করেন যে, স্বতন্ত্র প্রার্থীরা দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে ধানের শীষকে বিজয়ী করতে একযোগে কাজ করবেন।

রাশেদ খান আরও যোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে ঝিনাইদহ-৪ আসনের সব পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। বর্তমানে এই আসনে নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক ঐক্য নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক তৎপরতা চলছে।