তারেক রহমানের টাঙ্গাইল সফর ঘিরে ‘ঈদের আনন্দ’ বইছে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রস্ততি পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকু মওলানা ভাসানীর কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, দেশনায়ক তারেক রহমান আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাওয়ার পথে প্রথমবারের মতো টাঙ্গাইলে যাত্রা বিরতি করবেন। সফরে তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও নির্ধারিত দোয়া মাহফিলে শরিক হবেন।
টুকু বলেন, “আমরা সৌভাগ্যবান যে তার রাজনৈতিক সফরের সূচনা হচ্ছে টাঙ্গাইল থেকে এবং তা শুরু হচ্ছে মওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে।” তিনি আরও উল্লেখ করেন যে, মওলানা ভাসানী কাগমারী সম্মেলনের মাধ্যমে স্বাধীনতার আন্দোলনের বীজ বপন করেছিলেন এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াও এই মাজার জিয়ারত করেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই তারেক রহমান টাঙ্গাইলে আসছেন।
তারেক রহমানকে স্বাগত জানাতে টাঙ্গাইলের প্রবেশপথ মির্জাপুর এলাকা থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এই বিএনপি নেতা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সব শ্রেণি-পেশার মানুষ তাকে অভ্যর্থনা জানাবেন। সুলতান সালাউদ্দিন টুকু দাবি করেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর দেওয়া বক্তব্য এবং বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্দেশে বলা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ কথাটি মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি করেছে।
তারেক রহমানের এই আগমন ও দোয়া মাহফিল সফল করতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিদর্শনকালে টুকুর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ ও সৈয়দ শহিদুল আলম টিটুসহ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।