ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!: এটিএম আজম খান

রংপুর মহানগর জামায়াতের আমির ও কাউনিয়া-পীরগাছা আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খানের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ৮ জানুয়ারি পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত একটি মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এটিএম আজম খান একটি ফোনকলের ঘটনা বর্ণনা করছেন। তিনি জানান, ২৮ তারিখ সকাল সাড়ে ছয়টায় কেন্দ্র থেকে তাকে ফোন করে বলা হয় যে তাকে ‘কোরবানি’ দেওয়া হয়েছে। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “আমি বললাম যে, এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে, হ্যাঁ এর চেয়েও বড়।”
বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যায় তিনি আরও বলেন, ইব্রাহিম (আ.) আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল (আ.)-কে কোরবানি করতে চেয়েছিলেন এবং তার পরিবর্তে দুম্বা কোরবানি হয়েছিল। কিন্তু তার ক্ষেত্রে এই ‘কোরবানি’ বলতে পীরগাছা-কাউনিয়ার লাখ লাখ নারী-পুরুষের আকাঙ্ক্ষার ত্যাগকে বোঝানো হয়েছে। এই যুক্তিতেই তিনি বিষয়টিকে ‘বড় কোরবানি’ হিসেবে অভিহিত করেন এবং এতে সম্মতি প্রকাশ করেন।
ভিডিওটিতে তাকে আরও বলতে শোনা যায় যে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সাথে কয়েক দফা কথা বলেছেন এবং বর্তমান সময়ের বাস্তবতায় এই পরিস্থিতিকে শক্তিতে রূপ দিয়ে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। এই চ্যালেঞ্জে টিকে থাকার বিষয়েও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ধর্মীয় বিষয়ের সাথে রাজনৈতিক পরিস্থিতির এমন তুলনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিরূপ মন্তব্য করছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে এখন ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।