↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি ২০২৬, ২:৩৮ এ.এম

দেশের ১৩ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া হাড়কাঁপানো শীতের দাপট এখনই কমছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে রংপুর বিভাগের ৮টি জেলাসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আপাতত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে, যার ফলে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর-পূর্ব শ্রীলংকা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

কুয়াশার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার অঞ্চলগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। চলমান শীত ও কুয়াশার কারণে জনজীবন ও যাতায়াত ব্যবস্থায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।