দুর্নীতি ও দখলবাজিতে জড়িত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় নয়: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম দলের নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, দুর্নীতি, দখলবাজি ও টেন্ডারবাজি—এই তিন অপকর্মের কোনো স্থান নেই। এমনকি দলের নিজস্ব লোকও যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে তাকে ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে পুলিশে সোপর্দ করা হবে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি মাতুব্বর বাড়িতে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই সভার আয়োজন করা হয়েছিল।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিচ্ছি, দুর্নীতি বা দখলের সঙ্গে জড়িত থাকলে তাকে জেলে যেতে হবে। আমাদের লোক হলেও ছাড় দেওয়া হবে না, তাদের পুলিশে ধরিয়ে দেবেন।”
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। বিশেষ করে সালথা উপজেলার মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সেখানে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি, যাতে স্থানীয়দের চিকিৎসার জন্য দূরে যেতে না হয়।
নির্বাচন ও সম্পর্কের বিষয়ে তিনি মন্তব্য করেন, “নির্বাচন আসবে, আবার চলে যাবে। কিন্তু আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক। এই সম্পর্ক কখনো শেষ হওয়ার নয়।” এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা উপজেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর এবং স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।