নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ সোমবার সন্ধ্যায় ঢাকা আসছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার ঢাকা মিশন শুরু হতে যাচ্ছে।
কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী, আগামী দুই দিন তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরল ইসলামের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পরিচয়পত্র পেশের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। এরপর আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করবেন।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথবাক্য পাঠ করান। এরপরই ঢাকার মার্কিন দূতাবাস তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন। পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন; ক্রিস্টেনসেন ১৮তম রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন।
ঢাকায় আসার আগে এক বার্তায় তিনি জানান, পরিচিত এই কর্মস্থলে ফিরতে পেরে তিনি আনন্দিত এবং দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।