সংসদে আর নৃত্যগীত হবে না, সেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে এমন একটি সংসদ বির্নিমাণ করা হবে যেখানে আর কোনো নৃত্যগীত বা শুধু প্রশংসার স্তুতিবাক্য চলবে না; বরং সেখানে জনগণের সমস্যা ও অধিকার নিয়ে কথা বলা হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মহিলা দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, ভবিষ্যতে আর কোনো গণতান্ত্রিক সরকার যাতে লাইনচ্যুত হতে না পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “আমরা এমন সংসদ চাই যেখানে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। সংসদ সদস্যরা মানুষের উন্নয়নের কথা বলবেন এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলবেন।” তিনি আরও উল্লেখ করেন যে, আগামীর সংসদে কার্যকর আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে এবং সেখানে গঠনমূলক বিরোধিতাও বজায় থাকবে, যা পৃথিবীর বুকে একটি নজির স্থাপন করবে।
আগামী নির্বাচনকে জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে। এটি হবে মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের এবং শহীদদের রক্তের ওপর ভিত্তি করে নেওয়া প্রস্তুতির প্রতিফলন। তাঁর মতে, এই নির্বাচনের মাধ্যমেই জাতির মোড় ঘুরে যাবে এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি শক্তিশালী ও স্থায়ী ভিত্তি পাবে, যা গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।
চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াসহ স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ।