↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি ২০২৬, ৪:৫০ এ.এম

বিএনপি কারও সঙ্গে সংঘর্ষ-সংঘাত চায় না: আমির খসরু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্য দলের সাথে মতাদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারো সঙ্গে সংঘর্ষ বা সংঘাত চায় না। দলটির লক্ষ্য হলো শান্তির রাজনীতি এবং একটি নতুন বাংলাদেশ গড়া। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৪০নং ওয়ার্ড উত্তর পতেঙ্গা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কখনো আপস করেননি। এরশাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক দল আওয়ামী লীগের সঙ্গে মিলে নির্বাচনে গেলেও খালেদা জিয়া রাজপথে অটল ছিলেন।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে অত্যন্ত নাজুক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে এবং কামার, কুমার ও নারীসহ সব পেশার মানুষের জন্য অর্থনৈতিক সমতা নিশ্চিত করবে যাতে সবাই সুফল ভোগ করতে পারে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচার বা বড় মেগা প্রজেক্টের রাজনীতি করবে না। বরং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে আমির খসরু বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা মস্তানের স্থান নেই। কেউ যদি এসব অপকর্মে লিপ্ত থাকে, তবে তাদের এখনই শুধরে যাওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এসব সুবিধাবাদী লোক দল ছেড়ে চলে গেলে বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনে জয়লাভে কোনো প্রভাব পড়বে না।

পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লোকমানের সভাপতিত্বে সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক এবং কৃষক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।