একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল।” শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম ঢাকার উদ্যোগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজভী। তিনি অভিযোগ করেন, ভারতের ঝাড়খণ্ডের যে বিদ্যুৎ প্ল্যান্ট খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল, সেটি ফ্যাসিবাদের সময় বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। রিজভীর দাবি, বেগম খালেদা জিয়াকে দিয়ে এ ধরনের দেশবিরোধী প্রকল্প করানো সম্ভব ছিল না বলেই তাকে কারারুদ্ধ করা হয়েছে এবং চিকিৎসা না দিয়ে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল।
বক্তব্যে তিনি দেশের প্রাকৃতিক সম্পদ নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। রিজভী বলেন, বাংলাদেশে এখনও যে কয়লা এবং গ্যাস রয়েছে, সেগুলো কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিগুলো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুজন মাহমুদ। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান ও দৈনিক করতোয়া সম্পাদক হেলালুজ্জামান লালুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে সাজানো এই আলোকচিত্র প্রদর্শনীটি আগামী দুই দিনও সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।