↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি ২০২৬, ৩:৪৪ এ.এম

১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই ‘ক্রিটিক্যাল’: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ‘ক্রিটিক্যাল’। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ির’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে এর আগেও অনেক নির্বাচন হয়েছে, কিন্তু এবারের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আমরা নিজেরা যেমন সচেতন, তেমনি বিদেশিরাও এই প্রক্রিয়ার দিকে গভীরভাবে তাকিয়ে আছেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের পাশাপাশি গণভোট ও রাষ্ট্রীয় সংস্কারের বিষয়টি বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। জুলাই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল দেশকে সামনে এগিয়ে নেওয়া, আর সেই লক্ষ্য অর্জনেই এই সংস্কার কার্যক্রম।

গণভোটের প্রচারণার বিষয়ে উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপকভাবে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সাধারণ মানুষ যাতে সংস্কারের গুরুত্ব বুঝতে পারে, সেজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চলছে। তিনি বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে নিজেদের সুবিধামতো একতরফা সংস্কার করেছে। কিন্তু বর্তমান সরকার চায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে। যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন, সিদ্ধান্ত বাস্তবায়নে জনগণের সম্মতি জরুরি।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও সেরা দিন হতে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ সঠিক পথে পরিচালিত করতে আসন্ন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। এতেই জনগণের ইচ্ছা ও আশার প্রতিফলন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ‘ভোটের গাড়ি’ উদ্বোধনের মাধ্যমে জেলায় নির্বাচনী ও গণভোটের প্রচারণা নতুন মাত্রা পাবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।