শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে দলের চেয়ারম্যানকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
১৯ জানুয়ারি জন্মবার্ষিকী উপলক্ষে ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া দিনটি উপলক্ষে ইতিমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই দিনটি উপলক্ষে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে।
কর্মসূচির দ্বিতীয় দিনে অর্থাৎ ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে নিজ নিজ ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। রুহুল কবির রিজভী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচিগুলো সফলভাবে পালনের আহ্বান জানান।