কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, কৌশলের নামে দলটির নেতাকর্মীরা কোনো ধরনের গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজিত এই সভায় গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনাব তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা চরম দুঃসহ সময় পার করেছেন। অসংখ্য গুম, খুন এবং মিথ্যা মামলার শিকার হওয়ার পরও কর্মীরা রাজপথ ছেড়ে যাননি। তিনি উল্লেখ করেন, আন্দোলনের তীব্রতা কখনো স্তিমিত হয়েছে আবার কখনো তুঙ্গে উঠেছে, কিন্তু দলের আদর্শ থেকে কেউ বিচ্যুত হননি। অনেক ক্ষেত্রে এক ভাই গুম হওয়ার পর অন্য ভাই রাজপথে এসে আন্দোলন আরও তীব্র করার শপথ নিয়েছেন বলে তিনি জানান।
স্বজনহারা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বছরের পর বছর ধরে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা কারও কাছে নেই। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এমন আপসহীন ভূমিকা রাখতে পারে, অপপ্রচার চালিয়ে সেই দলকে দমন করা সম্ভব নয়। তিনি আশ্বাস দেন যে, নির্যাতনের শিকার পরিবারগুলোর ত্যাগ যাতে বৃথা না যায়, সেজন্য বিএনপি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে।
আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, যারা শহীদ হয়েছেন বা গুমের শিকার হয়েছেন, তাদের স্মৃতি স্মরণীয় করে রাখতে বিএনপির কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তবে বর্তমান নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকার কারণে এখনই বিস্তারিত প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিতে চায় বলেও তিনি মন্তব্য করেন।
জনাব তারেক রহমান আরও বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এখন তৈরি হয়েছে। তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন অজুহাতে যারা বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথ ব্যাহত করার চেষ্টা করছে, তারা যেন সফল না হতে পারে।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এবং আমরা বিএনপি পরিবারের সদস্য জাহিদুল ইসলাম রনি। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং হুম্মাম কাদের চৌধুরীসহ আরও অনেকে।