ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে: ডোনাল্ড ট্রাম্প

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে দেশটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম ‘পলিটিকো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।” এর মাধ্যমে তিনি মূলত দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে দায়িত্ব থেকে সরানোর প্রতি ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বিক্ষোভকারীদের ওপর ইরানি নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের সমালোচনা করে ট্রাম্প বলেন, “একটি দেশের নেতা হিসেবে তিনি (খামেনি) যা করেছেন, তা দেশের জন্য সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে পরিমাণ সহিংসতা চালানো হয়েছে, তা আগে কখনো দেখা যায়নি।”
নেতৃত্বের ধরণ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ট্রাম্প আরও বলেন, ইরান সরকারকে দেশ সঠিকভাবে চালানোর দিকে মনোযোগ দিতে হবে, যেমনটা তিনি যুক্তরাষ্ট্রে করেন। তাঁর মতে, দেশের নিয়ন্ত্রণ রাখার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করা কোনো সমাধান নয়। তিনি বলেন, “নেতৃত্ব হলো শ্রদ্ধার বিষয়, ভয় অথবা মৃত্যুর বিষয় নয়।”
অন্যদিকে, ট্রাম্পের এই মন্তব্যের আগেই তাঁর বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ‘অপরাধী’ হিসেবে অভিহিত করে দাবি করেন, ইরানের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ ট্রাম্প নিজেই চাপিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর ৮ ও ৯ জানুয়ারি তা চরম সহিংস রূপ নেয়। মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে এখন পর্যন্ত দেশটিতে অন্তত তিন হাজার মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।