↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১২ পি.এম

লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, শাহাদাত হোসেন সেলিম একটি সমাবেশের মাধ্যমে নিজের পক্ষে ভোট চেয়েছেন এবং সেই ভিডিওটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন। একজন প্রার্থী হিসেবে এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর বিধি-৩ এবং বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুসন্ধান কমিটির সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি শাহাদাত হোসেন সেলিম একটি সমাবেশে ভোট চান এবং সেই ভিডিওটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি স্থানীয়দের কাছে ভোট চেয়ে নিজেকে তাদের সন্তান ও ভাই হিসেবে পরিচয় দিয়েছেন। ভিডিওতে তিনি উল্লেখ করেন, জনগণের সেবা করার অধিকার ও দাবি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং নিজের জীবন উৎসর্গ করতে চান।

নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য বিল্লাল হোসেন শোকজ পত্রে জানিয়েছেন, ভিডিওটি যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত প্রার্থীকে কারণ দর্শানোর এই নোটিশ পৌঁছে দেওয়ার জন্য রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।