↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি ২০২৬, ১:১৯ এ.এম

ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক: রুহুল কবির রিজভী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) আচরণ ও কর্মকাণ্ড অত্যন্ত সন্দেহজনক। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার মূল দায়িত্ব কমিশনের হলেও তারা সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে পারছেন বলে জনমনে কোনো আস্থা তৈরি হচ্ছে না। তিনি নির্বাচন কমিশনকে কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার না করে দৃঢ় হস্তে ও ন্যায়সঙ্গতভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় জেলা পরিষদ অডিটোরিয়াম এবং পরবর্তীতে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

রিজভী আহমেদ বলেন, “নির্বাচন কমিশন যদি একদিকে হেলে পড়ে বা কোনো একদিকে ঢলে পড়ে, তবে সেটি হবে মানুষের দীর্ঘদিনের যে আশঙ্কা, তারই প্রতিফলন। এটি আমাদের কারো কাম্য নয়। এ দেশের মানুষ কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।” তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, স্বাধীনতা এবং ভোটাধিকারের জন্য বারবার রক্ত দিয়েছে। কিন্তু বারবারই স্বৈরশাসক ও ফ্যাসিবাদী শক্তি সেই রক্তের ওপর দাঁড়িয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু এবং শরীয়তপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ আসলাম। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেডিকেল ক্যাম্পে শতাধিক বিশেষায়িত চিকিৎসক দিনব্যাপী সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছেন। একইসঙ্গে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়েছে।