↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি ২০২৬, ২:১৩ এ.এম

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ প্রচারণার তীব্র সমালোচনা মির্জা ফখরুলের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে’ এমন রাজনৈতিক প্রচারণার কঠোর সমালোচনা করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকায় আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

প্রচারণাকারীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে চলে যাওয়া যাবে, হায় হায় হায়। চিন্তা করেন, তাইলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা এগুলার দরকার নাই নাকি?” তিনি এই ধরনের প্রচারণাকে জনগণের ধর্মীয় বিশ্বাস নিয়ে এক ধরনের অবমাননা হিসেবে ইঙ্গিত করেন।

আলোচনা সভায় সংস্কার ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপি মহাসচিব দাবি করেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে, তা বিএনপি অনেক আগেই অর্থাৎ ২০২২ সালে জনগণের সামনে তুলে ধরেছিলো। তিনি অভিযোগ করেন যে, সংস্কার প্রশ্নে সকল রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হয়েছিল, তার বাইরেও কিছু বিষয় কৌশলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “সংস্কার যেটুকু হয়েছে যেটাতে একমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। অবশ্যই আমাদের হ্যাঁ ছিল। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেঈমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নাই যেগুলা আমরা একমত হই নাই সেগুলা ঢুকিয়ে দিয়েছো।” মির্জা ফখরুল জানান, এই বিষয়গুলো বিএনপির কাছে গ্রহণযোগ্য না হলেও দেশের ও জনগণের বৃহত্তর স্বার্থে তারা তা মেনে নিয়েছেন।

দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের ওপরই নির্ভর করছে দেশ কোন পথে পরিচালিত হবে। তাঁর মতে, এই নির্বাচনের ফলেই নির্ধারিত হবে দেশ ‘লিবারেল ডেমোক্রেসি’ বা উদার গণতন্ত্রের দিকে যাবে, নাকি উগ্রপন্থিদের হাতে পড়বে।