‘হ্যাঁ’ ভোটে সিল দিলে আর ফিরতে পারবে না স্বৈরাচার: সৈয়দা রিজওয়ানা হাসান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই; নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। তিনি দেশের সাধারণ মানুষকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই ভোটের মাধ্যমেই নিশ্চিত করা হবে যে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বেতার ও গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা প্রচারণার কাজে অংশ নেওয়া রিকশাচালকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভোটকেন্দ্রে যাওয়ার উৎসাহ দেন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটের তারিখ নির্ধারিত হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “হ্যাঁ ভোট দিলে সাধারণ মানুষদের ভাগ্যের পরিবর্তন হবে। এই ভোট বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে বাংলাদেশকে মুক্ত করবে।” তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মো. ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহীদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।