↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি ২০২৬, ৪:১৪ এ.এম

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি থেকে মোট ছয়জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীদের মধ্যে বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে সবচেয়ে বেশি ৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজ উদ্দিন, খেলাফত মজলিস বাংলাদেশের প্রার্থী বালী নাসের ইকবাল এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।

এছাড়া বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ২ জন প্রার্থী। তাঁরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. রহমাতুল্লাহ। তবে বাগেরহাটের কোনো আসন থেকেই বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের প্রত্যাহার করেননি, ফলে ভোটের লড়াইয়ে একটি জটিল সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া শেষে এখন চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও পরবর্তী নির্বাচনী কার্যক্রম শুরু হবে। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।