ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে পারলে তাঁর দল সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এই পরিকল্পনার কথা জানান।
জনাব তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে ঢাকার খালগুলো ভরাট হয়ে যাওয়ায় নগরবাসী নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তারা পুনরায় খাল খননের প্রয়োজনীয়তা অনুভব করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেন। প্রতিটি উপজেলায় সরকারি ও বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়িয়ে এই বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের তুলনায় দেশের সবুজায়ন অনেক কমে গেছে এবং চারপাশ অনেকটা শুষ্ক মনে হচ্ছে। রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, এখন শুধু বিরোধীদলের সমালোচনা নয় বরং সংকট সমাধানে কাজ করার চর্চা শুরু করতে হবে।
রাজধানীর তীব্র যানজট নিরসনে পাবলিক পরিবহনের উন্নয়নের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, মেট্রোরেল অনেক ব্যয়বহুল প্রকল্প। এর বিকল্প হিসেবে বনানী ও মোহাম্মদপুরের মতো এলাকাগুলোকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করতে ‘মনোরেল’ ব্যবস্থা চালু করা যেতে পারে।
শিক্ষাব্যবস্থা ও ক্রীড়া ক্ষেত্রে পরিবর্তনের আভাস দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ক্রীড়াকে কেবল শখের বশে নয়, বরং পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি করা হবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য যেকোনো একটি খেলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে তাঁর দলের। এছাড়া ভাষাগত দক্ষতা বাড়াতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় আরও একটি বিদেশি ভাষা শেখার ওপর বিশেষ নজর দেওয়া হবে বলে তিনি জানান।