↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি ২০২৬, ৪:৪৫ পি.এম

বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ অনাকাঙ্ক্ষিত: ড. মাহদী আমিন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাসায় বাসায় গিয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোটারদের আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করাকে অনাকাঙ্ক্ষিত ও নেতিবাচক রাজনীতির কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ কেউ সংঘবদ্ধভাবে বিভিন্ন স্থানে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের ফলে নির্বাচনের সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি জনগণকে এ ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, এবার জনগণের ভোট দেওয়ার ব্যাপক আকাঙ্ক্ষা রয়েছে, যা কোনো অপকৌশলের কারণে বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী প্রচারণার বিষয়ে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, “আমরা আমাদের নেতা-কর্মীদের আহ্বান জানাব, আগামীকাল থেকে যে প্রচার শুরু হবে সেখানে ইতিবাচক রাজনীতিকে ধারণ করে যেন সাধারণ মানুষের কাছে ছুটে যাই।” একই সাথে তিনি প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোকে নেতিবাচক রাজনীতির কৌশল পরিহার করে সঠিক পথে আসার আহ্বান জানান।

নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ইসিকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রতিটি দল যাতে আচরণবিধি মেনে চলে, সে বিষয়ে কমিশনকে শক্ত অবস্থান নেওয়ার অনুরোধ জানান তিনি। ইতোমধ্যে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান।

ড. মাহদী আমিন দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, যদি জনগণের ভোটের অধিকার সত্যিকারার্থে মূল্যায়িত হয়, তবে বিএনপি অবশ্যই জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জকরিয়া, জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।