↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি ২০২৬, ৫:১৯ পি.এম

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।

মাহদী আমিন বলেন, বিএনপি একটি বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছে। জুলাই চার্টার বা জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির কিছু ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বিএনপি তাকে ধারণ করে। তিনি উল্লেখ করেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় সংস্কারের মৌলিক ভিত্তিগুলো বিদ্যমান। তাই স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে দলটি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার রাত ৮টা ১৫ মিনিটে তিনি আকাশপথে সিলেটে পৌঁছাবেন। রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে আগামীকাল (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর সড়কপথে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদীতে একাধিক নির্বাচনী জনসভায় তার অংশগ্রহণের কথা রয়েছে।

এবারের নির্বাচনী সফরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন তারেক রহমান। বিগত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে তিনি প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সফরসঙ্গী করবেন। সিলেট সফরে তার সঙ্গে থাকছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আব্দুল মোনায়েম মুন্না, মামুন হাসান এবং কাজী রওনকুল ইসলাম শ্রাবণের মতো তরুণ ও তৃণমূল নেতারা।

প্রচারণার অংশ হিসেবে আজ রাত ১২টা ১ মিনিটে (২২ জানুয়ারির সূচনালগ্নে) ঢাকার লেকশোর হোটেলে বিএনপির নির্বাচনী ‘থিম সং’ উন্মোচন করা হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুষ্ঠান উদ্বোধন করবেন।

আসন্ন সংসদ নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করে ড. মাহদী আমিন সকল রাজনৈতিক দলের প্রতি নির্বাচনী আচরণবিধি পূর্ণাঙ্গ পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত দায়িত্বশীলতার মাধ্যমে এই নির্বাচন একটি সুন্দর ও গ্রহণযোগ্য দৃষ্টান্ত স্থাপন করবে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।