বিএনপির নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ, ধানের শীষকে ঘিরে বিশেষ বার্তা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচারণায় গতি আনতে নতুন নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই গানের শুভ উদ্বোধন করা হয়।
গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই থিম সংটির উদ্বোধন করেন। গানটিতে বিএনপির ঐতিহ্যবাহী নির্বাচনী স্লোগান ‘ভোট দিবেন কিসে ধানের শীষে’ এবং ‘সবার আগে বাংলাদেশ’-সহ একাধিক পরিচিত রাজনৈতিক বার্তা ও স্লোগান অন্তর্ভুক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, একটি সুসংহত রাষ্ট্রীয় দর্শনে বিএনপি বিশ্বাসী, যা মূলত বাংলাদেশি জাতীয়তাবাদ। এই দর্শনের প্রতীক হিসেবে তিনি ‘ধানের শীষ’-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি মন্তব্য করেন যে, ধানের শীষ মানুষের হৃদয়ে এমনভাবে মিশে আছে যা মুছে ফেলা সম্ভব নয়। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই প্রতীক অতীতে কেউ মুছে দিতে পারেনি এবং ভবিষ্যতেও কেউ পারবে না।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই থিম সংটি মাঠপর্যায়ের প্রচারণা এবং বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হবে। গানের সুর ও বাণীর মাধ্যমে দলের রাজনৈতিক দর্শন ও নির্বাচনী বার্তা সাধারণ মানুষের কাছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী ছাড়াও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।