৪ কোটি পরিবারে দেওয়া হবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি হোটেলে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই পরিকল্পনার কথা জানান।
জনাব তারেক রহমান বলেন, বিএনপি সরকারের একটি বড় পরিকল্পনা হলো চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা। প্রাথমিকভাবে দেশের দুই কোটি পরিবারের প্রধান নারীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি ব্যাখ্যা করেন, পরিবারের নারীর হাতে সম্পদ থাকলে তাঁর সম্মান বৃদ্ধি পায়। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা নগদ অর্থ এবং প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে। এর ফলে পরিবারগুলো স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করবে, যা দীর্ঘমেয়াদে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।
এই কার্ড কারা পাবেন এমন প্রশ্নের উত্তরে জনাব তারেক রহমান জানান, কৃষক, ভ্যানচালক কিংবা ইমামের স্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা যেমন ইউএনও-র স্ত্রী পর্যন্ত সবার জন্যই এই সুযোগ খোলা থাকবে। যদিও অবস্থাসম্পন্নরা হয়তো এটি গ্রহণ করবেন না, কিন্তু সুবিধাটি সর্বজনীন করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এই বিশাল প্রকল্পের অর্থায়ন সম্পর্কে তিনি বলেন, বর্তমানে দেশে চলমান ১৩৮টি প্রকল্পের অনেকগুলো অকার্যকর রয়েছে; সেই সম্পদগুলোকে এক জায়গায় নিয়ে এসে এই জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে।
চিকিৎসাব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে জনাব তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে পল্লী চিকিৎসা ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনা হবে এবং পল্লী চিকিৎসকের আদলে উন্নত হেলথ কেয়ার সেবা চালু করা হবে।
অনুষ্ঠানে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলাপকালে তিনি ঢাকার চেয়ে সিলেটের পরিচ্ছন্নতার প্রশংসা করেন। এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রশ্নের প্রেক্ষিতে পরিবেশ ও যানবাহনের শব্দের প্রভাব নিয়ে মন্তব্য করেন তিনি। সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভার প্রসঙ্গ তুলে এবং শিক্ষার্থীদের লিখিত প্রশ্ন জমা দেওয়ার অনুরোধ জানিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভা শেষ হয়।